প্রিন্ট এর তারিখঃ Jun 9, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 8, 2026 ইং
বগুড়ায় আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেফতার

মো:স্বাধীন খান বগুড়া জেলা প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রাম ও শিবগঞ্জে সংঘটিত পৃথক দুটি ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত একটি মোটরসাইকেল, একটি বাটন মোবাইল ফোন, নগদ ৫ হাজার ৫০০ টাকা, সাড়ে ৭ আনা স্বর্ণালংকার এবং কিছু ইমিটেশনের গহনা উদ্ধার করা হয়েছে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ মে গভীর রাতে নন্দীগ্রাম উপজেলার বীরপলি (ফকিরপাড়া) এলাকায় রশিদুল আলমের বাড়িতে ৮-১০ জনের একটি ডাকাত দল হানা দেয়। তারা মোটরসাইকেল, স্বর্ণালংকার, মোবাইল ফোন, টেলিভিশন ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় নন্দীগ্রাম থানায় মামলা দায়ের করা হয়।
মামলার তদন্তে জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম-এর নির্দেশনায় ডিবি পুলিশ ছায়াতদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৫ জুন কাহালু, দুপচাঁচিয়া ও সদর উপজেলায় অভিযান চালিয়ে ডাকাতির ঘটনায় জড়িত আসলাম সাকিদার (২৭), জিয়ারুল ইসলাম ওরফে জিয়াউর রহমান (৪৬) এবং সাইদুর মন্ডল ওরফে মগা (৩৬)-কে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে লুণ্ঠিত একটি মোটরসাইকেল, একটি বাটন মোবাইল ফোন ও নগদ ৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
অপরদিকে, গত ৩১ মে গভীর রাতে শিবগঞ্জ উপজেলার দক্ষিণ দহপাড়া এলাকায় জিয়াউল হকের বাড়িতে ডাকাতি সংঘটিত হয়। ডাকাতরা তাকে মারধর করে আহত করে নগদ টাকা, স্বর্ণালংকার, স্মার্টফোন ও গুরুত্বপূর্ণ কাগজপত্র লুট করে নিয়ে যায়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।
পরবর্তীতে ডিবি পুলিশের বিশেষ অভিযানে শিবগঞ্জ ও কাহালু এলাকায় অভিযান চালিয়ে জুয়েল প্রামানিক (২৪) ও আব্দুল ওহাব (২৮)-কে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে লুণ্ঠিত সাড়ে ৭ আনা স্বর্ণালংকার, যার মধ্যে একটি স্বর্ণের চেইন ও একটি কানের দুল রয়েছে, এবং কিছু ইমিটেশনের গহনা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে আসলাম সাকিদারের বিরুদ্ধে পাঁচটি, জিয়ারুল ইসলামের বিরুদ্ধে একটি, সাইদুর মন্ডল ওরফে মগার বিরুদ্ধে দুটি এবং জুয়েল প্রামানিকের বিরুদ্ধে ১০টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ডাকাতি চক্রের সঙ্গে জড়িত পলাতক অন্যান্য সদস্যদের গ্রেফতার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশ বাংলা টিভি নিউজ